রমজানকে সামনে রেখে কেরাণীগঞ্জের বাজারে কড়াকড়ি শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুতদারি ঠেকাতে শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাব ১০ এর সহকারী পরিচালক ( মিডিয়া) তাপস কর্মকার রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে র্যাব-১০-এর আভিযানিক দল এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা অংশ নেন। কেরাণীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে সরেজমিন তদারকি চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, নির্ধারিত স্থানে মূল্য তালিকা নেই, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছে। এসব অভিযোগের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো অনিয়ম চোখে পড়লে নিকটস্থ র্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

জন কথা ডেস্ক 












