দীর্ঘদিন একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত এমন মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত ছিল। তার ভাষায়, একুশ মানে কেবল ভাষার দাবি নয়; একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। সেই চেতনা এতদিন অবরুদ্ধ ছিল। এবার আমরা তা মুক্ত পরিবেশে উদযাপন করছি।
আমান আরও বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হয়েছে। এর ফলে দেশের মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি একুশের চেতনা বাস্তবায়নের দায়িত্বও আমাদের ওপর বর্তেছে।
ঢাকা ২ আসনের সংসদ সদস্য আরও বলেন, নতুন সরকার ইনসাফ ও গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রত্যয় নিয়েছে। একুশের অনুপ্রেরণায় একটি বৈষম্যহীন সমাজ ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলাই হবে সরকারের লক্ষ্য।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, আমাদের মাতৃভাষা, সংস্কৃতি ও জাতীয় মর্যাদা রক্ষার সংগ্রাম থেকেই বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। সেই আদর্শ ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
দিবসটি ঘিরে কেরানীগঞ্জের শহীদ মিনার প্রাঙ্গণে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন , যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রুবেল, ছাত্রদল আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল উপজেলা কৃষকদল সভাপতি আব্দুল মতিন, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেন সহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন কথা ডেস্ক 











