পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে কেরানীগঞ্জে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ জন ব্যবসায়ীকে মোট প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেললে তা কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও জানান, বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা দক্ষিণের ভূমি রাজস্ব সহকারী কমিশনার (রাজস্ব সার্কেল) আফতাব আহমেদ। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বাজারে হঠাৎ প্রশাসনের এমন কড়াকড়িতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেলেও অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রমজান ঘিরে দ্রব্যমূল্য নিয়ে যখন সারাদেশেই উদ্বেগ, তখন কেরানীগঞ্জে প্রশাসনের এই তৎপরতা কতটা স্থায়ী প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে স্থানীয়রা।

জন কথা ডেস্ক 











