রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা এলাকায় র্যাব-১০ এর বিশেষ অভিযানে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ হান্নান (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
রোববার সন্ধ্যায় র্যাব-১০ এর পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে র্যাব সারাদেশে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি’র শ্যামপুর মডেল থানাধীন পোস্তগোলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়।
র্যাব জানায়, রবিবার দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ হান্নান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বড়গাছী গ্রামের মৃত নুরশেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন উৎস থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। সে একটি সক্রিয় মাদক সরবরাহ চক্রের সঙ্গে জড়িত বলেও ধারণা করা হচ্ছে।
র্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হেরোইন জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে শ্যামপুর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে বলা হয়, মাদক শুধু ব্যক্তি নয়—পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে দিচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়াচ্ছে। ফলে জাতীয় নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
সংস্থাটি আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনই র্যাবের লক্ষ্য। ভবিষ্যতেও রাজধানীসহ সারাদেশে এ ধরনের গোয়েন্দা অভিযান ও বিশেষ অপারেশন আরও জোরদার করা হবে বলে জানিয়েছে এলিট ফোর্সটি।

জন কথা ডেস্ক 













