কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজারে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে এসব অবৈধ কার্যক্রম শনাক্ত করা হয়।
পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে কেরানীগঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় তিনটি পৃথক দোকানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে রাকিব অটো নামের একটি প্রতিষ্ঠান থেকে সর্বাধিক ১ হাজার লিটার লুজ অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেন (৪৫), কলাতিয়া, কেরানীগঞ্জ। বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত অকটেন ৪ দিনের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া হামিম স্টোর থেকে ১০৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। দোকানটির মালিক হুমায়ুন কবির (৪৭)। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত জ্বালানি ২ দিনের মধ্যে বৈধ উপায়ে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে হৃদয় স্টোর থেকে ১৬০ লিটার লুজ অকটেন উদ্ধার করা হয়। দোকানটির মালিক আলতাফ হোসেন (৪৮)। তাকেও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত জ্বালানি ২ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান ও এলাকা নিরাপত্তা নিশ্চিত করেন। বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও ভোক্তা স্বার্থ রক্ষায় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

জন কথা ডেস্ক 














